২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি, আশাবাদী বিশ্লেষক

প্রকাশ:

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের জেরে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে কাতার। তবে আশার কথা হলো, আগামী ২০২৭ সালের মধ্যেই দেশটির অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, যুদ্ধের ভয়াবহ প্রভাবে দেশটির রাজস্ব আয় ৪২ শতাংশ কমে গেছে এবং একইসঙ্গে জিডিপি সংকোচন হয়েছে প্রায় ১৪ শতাংশ। বিষয়টি নিয়ে কাতারের আমির স্বয়ং শুরা কাউন্সিলের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সময়ে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারেও প্রায় ১৪ শতাংশ সংকোচন হয়েছে।

তবে বিদ্যমান এই সংকট দীর্ঘস্থায়ী হওয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষক শেখা আলানুদ।

তাঁর মতে, আগামী ২০২৭ সালের শুরু নাগাদ কাতারের অর্থনীতি আবার উদ্বৃত্ত অবস্থানে ফিরে আসবে। অর্থনীতি পুনরুদ্ধারের পথে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। বিশেষ করে শীতকাল সামনে রেখে ইউরোপের দেশগুলোকে জ্বালানির বিকল্প উৎস দ্রুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক। যুদ্ধের কারণে তৈরি হওয়া দীর্ঘমেয়াদী অস্থিরতায় অপেক্ষা করা ইউরোপের দেশগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে, যার ফলে পোল্যান্ডের মতো দেশ ইতিমধ্যেই কাতারের সঙ্গে করা চুক্তি থেকে সরে এসেছে। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।

বিশ্লেষকদের আশঙ্কা, কাতারের অর্থনীতি পুনরুদ্ধারের পথে থাকলেও জ্বালানি খাতের এই অস্থিরতা এবং ইউরোপীয় ক্রেতাদের অন্য সরবরাহকারীর দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেশটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে সঠিক পদক্ষেপ ও বিকল্প কৌশল গ্রহণের মাধ্যমে কাতার এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। যুদ্ধের প্রভাব মোকাবিলায় ও ভবিষ্যতের অনিশ্চয়তা কাটাতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কৌশলী হওয়ার ওপরই জোর দিয়েছেন তিনি।

শেয়ার করুন