২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রকাশ:

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে হলে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। একই সঙ্গে তার ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়ার শর্তও নাকি ভারতের সামরিক ও বেসামরিক সূত্র থেকে দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। তবে তিনি সরাসরি কোনো জবাব না দিয়ে মন্তব্য করেন যে, এ বিষয়ে তার কিছু বলার নেই।

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত সব সময় আগ্রহী। দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে নিয়মিত আলাপ-আলোচনা চলছে এবং ভারত এ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

মুখপাত্র আরও নিশ্চিত করেন যে, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় সব ধরনের আলোচনা চালিয়ে যেতে ভারত প্রস্তুত বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

শেয়ার করুন