চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতার স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। শুক্রবার বিকাল ৩টায় আলীনগর মোড়ের সংযোগ সড়কে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হাইকোর্টে রিটকারী মো. মীর হাসানসহ ভুক্তভোগী এলাকাবাসী তাদের দাবি তুলে ধরেন। তারা প্রশাসনের কাছে হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আলীনগর একটি শান্তিপ্রিয় এলাকা এবং সাধারণ মানুষ এখানে দীর্ঘদিন ধরে বসতি গড়ে তুলেছেন। জমি নিয়ে ভুল বোঝাবুঝি ও হয়রানি বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি। রিট পিটিশন নং ১৪৬৭২/২০২৬-এর প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হাইকোর্ট চট্টগ্রামের জেলা প্রশাসককে আদেশ প্রাপ্তির এক মাসের মধ্যে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ যথাযথভাবে কার্যকর করা হলে এলাকায় শান্তি ও আস্থা ফিরে আসবে বলে ভুক্তভোগীরা আশা করছেন। তারা বলেন, রিট পিটিশন নং- ১৪৬৭২/২০২৬-এ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হাইকোর্ট চট্টগ্রামের জেলা প্রশাসককে আদেশ প্রাপ্তির তারিখ থেকে ১ মাসের মধ্যে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন
- নিরপেক্ষ তদন্ত: জুডিশিয়াল তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা ও ভোগদখলের বিষয়টি যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা।
- হয়রানি বন্ধ: রেজিস্ট্রিকৃত ব্যক্তিমালিকানাধীন জমিতে বসবাসরত সাধারণ মানুষকে হয়রানি না করে আইনানুগভাবে সমস্যার সমাধান করা।
- স্থায়ী সমাধান: প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের মধ্যে আলোচনার মাধ্যমে আলীনগরের বিরোধের স্থায়ী সমাধান করা।
ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন, যেন সাধারণ মানুষ নিজ এলাকায় শান্তিতে বসবাস করতে পারেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিক উদ্যোগে আইন, শান্তি ও মানবিকতার ভিত্তিতে একটি ইতিবাচক সমাধান আসবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।





