জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার জমজমাট ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গাইবান্ধা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় রানার্সআপ হয়েছে স্বাগতিক দল।
পুরস্কার হিসেবে বিজয়ী গাইবান্ধা জেলা দলকে একটি গরু এবং রানার্সআপ জয়পুরহাট জেলা দলকে একটি খাসি প্রদান করা হয়েছে। বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের উপস্থিতিতে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়। এছাড়াও জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





