২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক

প্রকাশ:

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির উদ্দেশ্যে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টার সময় একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যটি বের করে নেওয়ার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তারা ট্রাকসহ পণ্যটি আটক করেন। বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’ পণ্যটির কাগজপত্রে ট্যালকম পাউডার হিসেবে ঘোষণা দিয়েছিল। এই চালানটি বন্দর থেকে খালাস ও শুল্ক কর পরিশোধের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই বের করে নেওয়ার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ব্রাইট ইন্টারন্যাশনাল’ সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। এর মধ্যেই গোপনে বাংলাদেশি একটি ট্রাকে পণ্য খালাস করে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, কাগজপত্রে ট্যালকম পাউডার উল্লেখ থাকলেও বাস্তবে ভিন্ন কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে মোটা অংকের রাজস্ব ফাঁকির পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জব্দকৃত ট্রাকটি বন্দরের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে। পণ্যটির প্রকৃত রাসায়নিক বৈশিষ্ট্য ও শুল্কযোগ্যতা যাচাই করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু পণ্য চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের কাস্টমস এন্ট্রি সম্পন্ন করা হয়নি এবং সরকারি রাজস্বও পরিশোধ করা হয়নি। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, আটককৃত পণ্যটি এখন বন্দরের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও পৃথক তদন্ত করা হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে এই ঘটনা নিয়ে ব্যবসায়ী মহলে বেশ উদ্বেগ লক্ষ্য করা গেছে। স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের দাবি, কেবল চালানটি আটক করাই যথেষ্ট নয়, এর পেছনে জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অবৈধ প্রক্রিয়ায় শুল্ক ফাঁকির এই অপচেষ্টার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন