পুলিশের অভ্যন্তরীণ ও গোপনীয় তথ্য রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক (এসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করেছে কর্তৃপক্ষ। সত্যতা যাচাইয়ের জন্য ডিভাইস দুটি ঢাকায় বিশেষ শাখার (এসবি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
সূত্র বলছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পরপরই ফোন দুটি জব্দ করা হয়। এই ঘটনার তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুরো বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রশাসনিক প্রয়োজনে তাঁকে তলব করা হয়েছিল এবং বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন বিষয়ে আপাতত বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, ফোন থেকে কোনো আপত্তিকর বার্তা আদান-প্রদান হয়েছে কি না, তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের একাধিক সূত্র দাবি করেছে, জাহাঙ্গীর আলমের ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা বর্তমানে আরআরএফ কার্যালয়ে কর্মরত আছেন। তবে ফোন জব্দ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





