ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত ১০টি যানবাহন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়, যা পরবর্তীতে আরও আটটি যানবাহনকে পিষ্ট করে। এতে মোট চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনি এলাকায় ফিরছিলেন। তার গাড়িবহরের দুটি গাড়িও এই সংঘর্ষের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত ও সুস্থ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে সড়কটি পরিষ্কার করে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।





