কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১২ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
নাহিদ ইসলাম সংসদে জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
এতে বাড়িতে থাকা বেশ কিছু গবাদিপশু পুড়ে মারা গেছে। এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নুসরাত তাবাসসুমের ওপর এমন হামলার পর পুলিশের ভূমিকা নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন। তিনি জানান, ঘটনার পরপরই কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বললেও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন যে, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। কোনো ধরনের ফরেনসিক পরীক্ষা ছাড়াই পুলিশের এমন দায়সারা সিদ্ধান্ত গ্রহণকে তিনি রহস্যজনক বলে অভিহিত করেন। এ ধরনের পরিস্থিতিতে মন্ত্রী-এমপিদের পরিবারও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও নাশকতার উদাহরণ তুলে ধরে নাহিদ বলেন, মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন কেবল ককটেল বিস্ফোরণ হলেই পরিস্থিতির অবনতি বলা যায় না, অথচ আগের দিনই তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছিলেন।
সরকারের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বিরোধীদলীয় এই চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্য যদি তাঁরা হন, তবে পরবর্তী লক্ষ্য হতে পারেন সরকারে থাকা ব্যক্তিরাও। তিনি স্পষ্টভাবে জানান, যদি সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে নিজেদের অধিকার ও জানমাল রক্ষায় তাঁদের নিজেদের পথই বেছে নিতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারের অবস্থান এবং কোনো আপসের সম্ভাবনা আছে কি না, তা নিয়ে সংসদের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ‘‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’’।
নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি রুলিং দিয়ে জানান, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।





