২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, চ্যাম্পিয়নের জন্য ১ মিলিয়ন রিয়াল পুরস্কার

প্রকাশ:

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট শাখার তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে এই মেগা আসরটি মুখরিত হয়ে উঠেছে।

মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র তথ্য অনুযায়ী, এবারের আসরে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের নৈপুণ্য প্রদর্শন করছেন। গত সোমবার শুরু হওয়া প্রথম পর্বের এই কার্যক্রম আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিন সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুআজ মাহমুদ।

আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বমানের হাফেজরা জানান, কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং মানসিক দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নিয়মিত তিলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্ব করে তুলেছে। তারা এই সফলতার পেছনে নিজেদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। কুরআনের চর্চা কেবল তাদের আরবি ভাষার দক্ষতা বাড়ায়নি, বরং জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধের বিকাশ ঘটিয়েছে।

শেয়ার করুন