পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: আজ, দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত

প্রকাশ:

হিজরি ১২ রবিউল আউয়াল আজ। বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মা আমিনার কোল আলোকিত করে দুনিয়াতে আসেন তিনি। মানবজাতির ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এ জন্য দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: হিসেবে পালিত হচ্ছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ সরকারি-বেসরকারি সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী 'সিরাতুন্নবী সা: অনুষ্ঠানমালা' চলছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ, কিরাত ও হামদ-নাত মাহফিল, সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং মাসব্যাপী ইসলামী বইমেলা।

ঈদে মিলাদুন্নবীর অর্থ নবীর জন্মদিনের আনন্দোৎসব। যদিও ১২ রবিউল আউয়াল মহানবী সা:-এর জন্ম ও মৃত্যু দিবস, তবু এটি শুধু জন্মোৎসব হিসেবেই পালিত হয়। আরবের আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে আলোকবর্তিকা হয়ে আসা মহানবী সা: সত্যবাদিতা, সততা, ক্ষমাশীলতা ও সহিষ্ণুতার প্রতীক ছিলেন। ৪০ বছর বয়সে নবুওয়াত লাভের পর ২৩ বছর তিনি ইসলামের বাণী প্রচার করেন এবং মদিনায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বর্তমান অশান্ত পৃথিবীতে তার দেখানো পথেই শান্তি ও মানবতার মুক্তি সম্ভব বলে মনে করা হয়।

আজ সকাল থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জাতীয় পতাকা এবং কালিমা তাইয়্যিবা লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও অন্য ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে এবং পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। এছাড়া গতকাল থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন। সর্বস্তরের জনগণকে এসব ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন