২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লুসাইলে বৃষ্টির কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করলেন কাতারের আমীর

প্রকাশ:

অনাবৃষ্টি থেকে মুক্তি ও রহমতের পানির কামনায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে কাতারজুড়ে বিশেষ সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সাথে এই নামাজে অংশ নেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

নামাজে আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়াও শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইলের ময়দানে সাধারণ মানুষের পাশাপাশি নামাজে শরিক হন।

নামাজ ও মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি সমবেত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা এবং মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি বক্তব্যে উল্লেখ করেন, অনাবৃষ্টি মানুষকে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই সময়ে বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজের ওপর জোর দেন তিনি।

খুতবায় পানিকে আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে অভিহিত করে ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি বলেন, এই নিয়ামতের যথাযথ কদর করতে হবে। তিনি দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ করা এবং নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার গুরুত্ব তুলে ধরেন।

শেয়ার করুন