ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দিবসটি সুশৃঙ্খলভাবে পালনের জন্য গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন। এই সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।





