২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর চলাকালে বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল স্থানীয় ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। স্থানীয় গফফারের চায়ের দোকানের ভেতরে বসে থাকা অবস্থায় তিনি এই হামলার শিকার হন।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তরিকুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এদিকে, বাগেরহাট-মোংলা সফর শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধানমন্ত্রীর অবস্থানকালে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে গত ১ ও ২ নভেম্বর খুলনায় আরও চারজন হত্যার শিকার হয়েছিলেন, যা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।

শেয়ার করুন