মোহাম্মদ হায়দার আলী (এম.এ):
৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে ০৫ নভেম্বর ২০২৬ ইং সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে উম্মুক্ত সেশনে অংশ গ্রহণ করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ সেশনে সিএমপি কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সেবা প্রদান এবং পুলিশ ও প্রশাসনের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

ব্রিফিংকালে তিনি চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরীর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং অপরাধ প্রতিরোধে সিএমপির গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনবান্ধব প্রশাসন ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় তিনি নবীন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিন সহ ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।





