২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভারতীয় পোশাক জব্দ করল বিজিবি

প্রকাশ:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা রাংটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব তৈরি পোশাক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পক্ষ থেকে জব্দকৃত পোশাক ও অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন