১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ব্যবসায়ী হত্যায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়াকে হত্যার দায়ে মোতাহার মিয়া ও তার দুই ছেলে মনির ও কামাল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অসীম কুমার দে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্ত কামাল মিয়া আদালতে উপস্থিত থাকলেও মোতাহার ও মনির পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও অভিযোগপত্র থেকে জানা যায়, কসবার নিমবাড়ি গ্রামের ব্যবসায়ী মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকা-পয়সার বিষয় নিয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর মনির ও তার পরিবারের সদস্যরা অতর্কিতভাবে মানিকের ওপর হামলা চালান এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে ১১ জনের মধ্যে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরিবারের অন্য ছয় সদস্যসহ ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কামাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে রুবেল ও শরীফ, মনির মিয়ার স্ত্রী খাদিজা বেগম এবং নবীর হোসেনের স্ত্রী মোছা. জিয়াসমিন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম জানিয়েছেন, তারা এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। তিনি বলেন, যাদের সাজা হয়েছে তারাই মূলত মানিক মিয়াকে আঘাত করেছিলেন, তাই রাষ্ট্রপক্ষ আপিল করার কোনো পরিকল্পনা করছে না।

শেয়ার করুন