বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায় (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগ করতে ব্রুনাই দারুসসালামকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় চলমান কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) সাইডলাইন বৈঠকে এই প্রস্তাব দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে ব্রুনাইয়ের প্রতিনিধিত্ব করেন দেশটির দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। আলোচনার এক পর্যায়ে হুমায়ুন কবির বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতে ব্রুনাইকে বিনিয়োগে উৎসাহিত করেন। জনশক্তি রপ্তানির বিষয়ে তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা পূরণ করতে বাংলাদেশ দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে পুরোপুরি প্রস্তুত।
জবাবে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বৈঠক শেষে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।





