নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তার শেষ পর্যন্ত আর বেঁচে রইল না। ঘটনার দীর্ঘ ৪৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটেছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আফরিনের মামি সোনিয়া আক্তার ঘরে ঢুকে তার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।
কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে আনা হলেও শারীরিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা অভিযোগ করেছেন যে, জমিজমা নিয়ে বিরোধ ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে তাঁর ছোট ভাই জাকির হোসেন ও ভাইয়ের স্ত্রী সোনিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাদের বাড়িতে এমন হামলা চালানো হয়েছে এবং সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকিও দিতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
এ ঘটনায় রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, কিশোরীর মৃত্যুর পর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অবশিষ্ট আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়ের এই মর্মান্তিক পরিণতির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।





