২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ৩০ টাকায় চাল পাবেন পোশাক শ্রমিকরা

প্রকাশ:

পোশাক শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে সরকার বিশেষ খোলাবাজারে বিক্রয় বা ওএমএস কর্মসূচি চালু করেছে। আজ শুক্রবার থেকে এই কর্মসূচির আওতায় শ্রমিকরা প্রতি কেজি চাল ৩০ টাকায় কিনতে পারবেন। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আগামী তিন মাস এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত ওএমএস কার্যক্রমের বাইরে পোশাক শ্রমিকদের জন্য আলাদাভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার শ্রমিকরা এই সুবিধার আওতায় আসবেন। একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

কর্মসূচির আওতায় শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে চাল বিক্রি করা হবে। চাল কেনা নিশ্চিত করতে শ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং বিক্রয়কেন্দ্রের মাস্টার রোলে স্বাক্ষর দিতে হবে। প্রকৃত শ্রমিকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর যৌথভাবে তদারকি দল গঠন করেছে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে। খাদ্য অধিদপ্তর এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য যে, পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ থেকে সর্বনিম্ন গ্রেডের মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই শ্রমিকদের স্বস্তি দিতে খাদ্য মন্ত্রণালয় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের এই উদ্যোগ নিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন