ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ:

দেশজুড়ে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেলে জাতীয় ছাত্রশক্তির আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগরিক জীবনের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সারা দেশে দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, এমনকি গভীর রাতেও বিদ্যুৎ থাকছে না। বক্তারা উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের ধরনে কোনো পরিবর্তন না থাকলেও আগের তুলনায় বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল দ্বিগুণেরও বেশি আসার বিষয়টি কোনোভাবেই হিসাব করা সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ‘জনগণের টাকায় ডাকাতি করা হচ্ছে।’ তারা অভিযোগ করেন, পাম্পগুলোতে গ্যাস নেই, অথচ সরকার দাম বাড়ানোর পাঁয়তারা করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সমালোচনা করে বক্তারা প্রধানমন্ত্রী ও তারেক রহমানের প্রতি প্রশ্ন রাখেন। তারা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে জনগণের সব সমস্যার সমাধান হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণ তাদের অধিকার ফিরে পাবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে জনদুর্ভোগ কেবল বাড়ছেই।

বক্তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার ওপরে লোডশেডিং হচ্ছে।

শেয়ার করুন