১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

প্রকাশ:

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে এই আবেদন সম্পন্ন করতে পারবেন। বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, অনলাইন মাধ্যম ছাড়া ম্যানুয়ালি কোনোভাবেই আবেদন গ্রহণ করা হবে না।

পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রথমে ওয়েবসাইটটিতে গিয়ে নিজ নিজ রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এরপর সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে সচল মোবাইল নম্বর দিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্রগুলো নির্দিষ্ট করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আবেদনকারী বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় বা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। উল্লেখ্য, দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করা আবশ্যক।

এদিকে, চলতি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পরীক্ষায় অংশ নিয়েই তারা উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। এ বছর মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, বিশেষ এই পুনঃপরীক্ষার সময়সূচি, ফরম পূরণ ও ফি সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৩ নভেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরেই এই বিশেষ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বিভাগ।

শেয়ার করুন