১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় পৌঁছাল ইরানি প্রতিনিধিদল, শীঘ্রই যোগ দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ:

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল। কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্য নিয়ে দলটি সেখানে অবস্থান করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একজন উপপ্রতিনিধিসহ পূর্ণাঙ্গ দলটি কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। কাতারের একটি সংবাদপত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে কাতারি প্রতিনিধিদের সঙ্গে নিবিড় আলোচনার পরই এই প্রক্রিয়াটি দোহায় স্থানান্তর করা হয়। সূত্রটি নিশ্চিত করেছে যে, মার্কিন পক্ষের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না; বরং পুরো প্রক্রিয়াটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে পরিচালিত হচ্ছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় এই কূটনৈতিক কর্মকাণ্ড চলছে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, দোহায় এই কূটনৈতিক প্রক্রিয়ায় একটি মার্কিন প্রতিনিধিদলও যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তেহরানে কাতারি প্রতিনিধিদলের নিবিড় আলোচনার পরই এই সাফল্য আসে, যার ভিত্তিতে ইরানি আলোচক দল কাতারি প্রতিনিধিদের সঙ্গেই দোহায় ফিরে যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, খুব শিগগিরই মার্কিন একটি প্রতিনিধিদল দোহায় পৌঁছাবে। মার্কিন দলের উপস্থিতিতে আলোচনা আরও গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি উভয় পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেহরানের জন্য আর্থিক প্রণোদনার মতো জটিল বিষয়গুলোতে প্রাথমিক ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে।

এই আলোচনা সফল হলে তা দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরুর পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, এই সমঝোতা চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য চীন ও রাশিয়া গ্যারান্টার বা নিশ্চয়তাকারী হিসেবে ভূমিকা পালন করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন