১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফল খারাপ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থা নেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশ:

দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা হতাশাজনকভাবে কম, সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা প্রদান করেন। শিক্ষা খাতের সামগ্রিক মানোন্নয়ন এবং খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি বাড়াতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক সপ্তাহের মধ্যে জবাবদিহিতার আওতায় আনতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি।

গত বছরের তুলনায় এ বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, যেখানে গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। তবে বিপরীতে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যার পাসের হার ৫২.১২ শতাংশ। সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পরীক্ষার ফলাফলে এমন বৈসাদৃশ্য এবং বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চরম ব্যর্থতার প্রেক্ষাপটে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন