১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫টি আন্তর্জাতিক পুরস্কার জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে কাতারি চলচ্চিত্র ‘সনদ’

প্রকাশ:

দুই ভাইয়ের খুনসুটি, প্রতিযোগিতা এবং গভীর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত কাতারি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সনদ’ (SANAD) বিশ্বমঞ্চে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। প্রখ্যাত নির্মাতা নূর আল-নাসরের পরিচালনায় নির্মিত এই ছবিটি এ পর্যন্ত বিশ্বের ৫০টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ২৫টি মর্যাদাপূর্ণ পুরস্কার জয় করেছে।

চলচ্চিত্রটির সাফল্যের তালিকায় রয়েছে লন্ডনের ‘লন্ডন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস’ ও সুইডেনের ‘সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খেতাব। এছাড়া ইতালির ‘মিলানো ইন্ডি মুভি অ্যাওয়ার্ডস’-এ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে এটি। পাশাপাশি সারায়েভো ফিল্ম ফেস্টিভ্যাল, মেক্সিকোর গুয়ানাহুয়াতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো গুরুত্বপূর্ণ আসরেও ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি নিজ দেশ কাতারের জনপ্রিয় ‘আজয়াল ফিল্ম ফেস্টিভ্যাল’-এও ছবিটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছে।

আরবি শব্দ ‘সনদ’-এর অর্থ হলো ‘আস্থার জায়গা’, যা মূলত বিপদের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর প্রতীক। আলী ও জসিম নামের দুই ভাইয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এর কাহিনি। একটি সাধারণ প্র্যাঙ্ক কীভাবে প্রতিশোধের খেলায় রূপ নেয় এবং শেষ পর্যন্ত রক্তের সম্পর্কের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প উঠে এসেছে এতে। হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত এই ছবিটি মূলত ভাইয়ের নিরাপত্তায় ভাইয়ের এগিয়ে আসার বার্তাকেই প্রধান উপজীব্য করে তুলেছে।

নিজের সৃজনশীলতা নিয়ে নির্মাতা নূর আল-নাসর বলেন, সাধারণ মানুষের জীবনের গল্পগুলোকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে তিনি পছন্দ করেন। তিনি আরও জানান, ‘সনদ’-এর মাধ্যমে ভাই-বোনের রাগ-অনুরাগ, প্রতিযোগিতা এবং একে অপরকে রক্ষা করার সুপ্ত মানসিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই সাফল্যের কৃতিত্ব তিনি ছবির অভিনয়শিল্পী, কলাকুশলী এবং দোহা ফিল্ম ইনস্টিটিউট (DFI)-এর সহযোগিতাকে দিয়েছেন। ‘সনদ’-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি কাতারি চলচ্চিত্র শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

শেয়ার করুন