৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী: অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই

প্রকাশ:

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এসব ভিত্তিহীন গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তার নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওইসব নিউজের ওপর কথা বলার কোনো সময় নেই এবং এসবের কোনো ভিত্তি নেই। অপদার্থদের কথায় কান দেওয়ার মতো সময়ও তার নেই বলে জানান তিনি।

একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকী। শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এই কাজ করে বিভিন্ন গ্রুপে তা উদযাপন করছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে তিনি আইনপ্রয়োগকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে নিজের স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে ফারুকী বলেন, এসব তথ্য চাইলেই সহজে যাচাই করা সম্ভব। তিনি গুজবের দিকে নজর না দিয়ে তার নির্মাণ কাজ নিয়ে কথা বলার অনুরোধ জানান। বর্তমানে তিনি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যার শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন। চলচ্চিত্রের বিষয়ে তিনি জানান, জেন-জি প্রজন্মের প্রেমের গল্প ‘টু হেল, উইথ লাভ’ এবং একটি রাজনৈতিক গল্পের সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের সংসার আলো করে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়। দীর্ঘদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে নিজেদের সফল কাজের মধ্য দিয়ে এই তারকা দম্পতি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

শেয়ার করুন