৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে রদবদল এনে বিসিএস পুলিশ ক্যাডারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে বদলি করে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ না দিলে আগামী ২৯ অক্টোবর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরাসরি স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

শেয়ার করুন