৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তিনি এ কথা জানান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল উল্লেখ করে মন্ত্রী জানান, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিষয়টি জুডিশিয়ালি পুনরুজ্জীবিত করা হয়েছে। তিনি বলেন, আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সংস্থাপন করা হবে। এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল তুলে ধরে তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিলেন সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছ।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হবে না এবং কোনো পলাতক অপরাধীর অপতৎপরতা বরদাশত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার ফেরার বিষয়টি সম্পর্কে সরকার অবগত আছে বলে জানান তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তারা দেশে অস্থিরতা তৈরি করে পরিস্থিতির সুযোগ নিতে চায়।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরাতে প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থানের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং শত শত নাগরিক হত্যার সাথে জড়িত, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন