জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা এই সাংবাদিক ও রাজনীতিবিদের বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার রাজধানীর নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে বনানীর নিজ বাসার বাথরুমে তিনি পড়ে যান। প্রায় ১০ মিনিট পর সাড়া না মেলায় বাথরুমের দরজা ভেঙে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইত্তেফাকসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রায় ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন।
মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চাঁদপুর-৪ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর শিক্ষাজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। ১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মিয়াজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।





