৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহবুবুল খালিদের কথায় আসিফের কণ্ঠে নতুন রোমান্টিক গান

প্রকাশ:

বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার কণ্ঠ দিলেন বিশিষ্ট গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা নতুন একটি রোমান্টিক গানে। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটিতে লোকজ ধাঁচের শব্দের ব্যবহার করে এক প্রেমিকের মুগ্ধতা ও প্রিয় মানুষের সৌন্দর্যের বর্ণনা তুলে ধরা হয়েছে। গানটির কথা ও সুরে প্রেম আর রূপের এক অপূর্ব আবহ ফুটে উঠেছে। এতে আসিফের গায়কী শ্রোতাদের জন্য ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। গানটির কয়েকটি পঙ্‌ক্তি হলো, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিছ তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

গানটি বর্তমানে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইট এবং ‘খালিদ সংগীত’ ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই গানটির একটি মনোমুগ্ধকর মিউজিক ভিডিও নির্মাণ শেষে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

গীতিকবি মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরেই বাংলা সংগীত ও সাহিত্যাঙ্গনে সৃষ্টিশীল কাজ করে চলেছেন। তাঁর নিজস্ব ব্যানারে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ পর্যন্ত পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। কেবল রোমান্টিক গানই নয়, তাঁর গানে প্রায়ই সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও বাস্তব চিত্র উঠে আসে। যেমন ঢাকার মিরপুরের শিশু গৃহকর্মী ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে ‘মাগুরার ফুল’ এবং আলোচিত ‘রামিসার বিচার’ শিরোনামের গানগুলো তাঁর সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেয়। এছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক মানবিক ইস্যুতেও তিনি নিয়মিত গান লিখে প্রতিবাদ ও সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন।

মাহবুবুল খালিদের এই বৈচিত্র্যময় গানের ভান্ডারে এবার যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে গাওয়া নতুন এই রোমান্টিক সৃষ্টি। প্রেম ও মানবিকতার বার্তার পাশাপাশি নতুন এই গানটি শ্রোতাদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে। আসিফের কণ্ঠে লোকজ আবহের এই রোমান্টিক গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

শেয়ার করুন