৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন অভিনেতা অপূর্ব

প্রকাশ:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো নিজের মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন। মেয়ের প্রথম জন্মদিনে ফেসবুকের মাধ্যমে ভক্ত ও অনুসারীদের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নিয়েছেন তিনি। পোস্টের সঙ্গে আবেগঘন বার্তায় অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর নিজের জীবনের পরিবর্তনের কথা উল্লেখ করে অপূর্ব জানান, এক বছর আগে মেয়েটির আগমনে তাঁদের পৃথিবী পুরোপুরি বদলে গেছে। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে পার হয়ে গেল, বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। তোমার বড় হয়ে ওঠা, নতুন সব কিছু আবিষ্কার করা এবং তোমার মিষ্টি হাসিতে ঘর ভরে ওঠা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’

পোস্টের ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় একটি ছোট্ট মুকুট পরানো। এই মুকুটের প্রসঙ্গ টেনে অভিনেতা জানান, যদিও আজ সে প্রতীকী মুকুট পরেছে, তবে জন্মের প্রথম মুহূর্ত থেকেই মেয়েটি তাঁদের হৃদয়ের মুকুটের আসনে বসে আছে। মেয়ের উজ্জ্বল, জাদুময় ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, এই অভিনেতার মেয়ের নাম রাখা হয়েছে আনায়া।

জিয়াউল ফারুক অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে কন্যাসন্তান জন্ম নেয়। গত বছরের ডিসেম্বরেই তিনি প্রথম বাবা হওয়ার খবরটি সবার সামনে নিয়ে এসেছিলেন। মেয়ের এই প্রথম জন্মদিনে অভিনেতার অনুসারী ও সহকর্মীরা তাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন।

শেয়ার করুন