জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য সফরে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের বিমানবন্দরে অবতরণ করলে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার সফরসঙ্গী হিসেবে দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদও রয়েছেন।
এই সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার সূচি রয়েছে।
সফরকালীন বিভিন্ন আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।





