রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালানটি সাফল্যের সঙ্গে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পাঁচ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এই জ্বালানি আনা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬ টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আনা হচ্ছে। এ পর্যন্ত প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান এসে পৌঁছেছে। সব মিলিয়ে নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ মডেলের ইউনিট রয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরুর অনুমোদন দেন। এই পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে টারবাইন-জেনারেটর ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
পরীক্ষামূলক সব ধাপ সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত বা সিনক্রোনাইজ করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত শর্তাবলি ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করছে।





