তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে দেশ দুটি। গত শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষরের আগে প্রেসিডেন্ট এরদোয়ান দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর দুই নেতা আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি একান্ত বৈঠকে মিলিত হন এবং নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এই উচ্চপর্যায়ের আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিনও অংশ নেন।
সই হওয়া চুক্তিগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। একইসাথে শান্তি ও সংঘাত নিরসনে সহযোগিতা এবং ভোক্তা সুরক্ষা ও বাজার তদারকি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছেন উভয় পক্ষ। বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন খাতে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই চুক্তিগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





