২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রকাশ:

ফেনীর দাগনভূঞায় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের ইসহাক শপিং কমপ্লেক্স ও এফটিসি মার্কেটের সামনে এই সংঘাত ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ইমাম হোসেন মিল্টন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দাগনভূঞায় বিএনপির বিদ্যমান দু’গ্রুপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো বুধবার ফটিকের অনুসারিরা ওই স্থানে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাজারে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধ সৃষ্টি হয়। গত রোববার একটি র‍্যালির পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেল থেকে উভয় পক্ষের কর্মীরা শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছিল। শহরের গণশৌচাগারের পাশে জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের অস্থায়ী কার্যালয় ছিল। সেখান থেকে যাওয়ার সময় আকবর হোসেনের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি ও কটাক্ষের জেরে উত্তেজনার শুরু হয়। পরে খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ ঘটে। এসময় আকবর সমর্থকের কয়েকজন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুইপক্ষের লোকজন একে অন্যকে উদ্দেশ্য করে কটাক্ষ করলে উত্তেজনা দেখা দেয়।

সংঘর্ষের ঘটনায় জামশেদুর রহমান ফটিক দাবি করেছেন, কোনো উস্কানি ছাড়াই তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। বিপরীতে উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুল হক রাজিব অভিযোগ করেন যে, ফটিকের গ্রুপ পরিকল্পিতভাবেই ছাত্র ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, পুলিশ তৎপর থাকার ফলে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে। এ বিষয়ে জামশেদুর রহমান ফটিক জানান, বিনা উস্কানিতে তার কর্মী সমর্থকদের উপর হামলা করা হলে তারা প্রতিহত করলে সংঘর্ষ বেধে যায়।

উল্লেখ্য যে, স্থানীয়ভাবে দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, যা ২০২৪ সালের ৫ আগস্টের পর আরও প্রকট আকার ধারণ করে। রোববার বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। সংঘর্ষে আহত অন্যদের মধ্যে মোস্তাফিজুর রহমান পলাশ, ইসমাঈল, মো. ইব্রাহিম, তোফায়েল, কামরুল হাসান, সাইদুল ইসলাম, রিয়াদ, এমদাদুল হক শামীম, আরিফুল ইসলাম রিপন, সোহেল রানা, জুয়েল, ইউসুফ হোসেন, তসলিম, আফরান মাসুদ, আরমান, আজাদ, নিয়ন, মামুন ও সারোয়ার রয়েছেন।

শেয়ার করুন