ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার যে জল্পনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে ফেরার ঘোষণাটি মূলত ‘ফাঁকা বুলি’। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এর মাধ্যমে দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখা ও দেশে তাদের ক্রমহ্রাসমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক মন্তব্যে এসব কথা বলেন ড্যানিলোভিচ। এর উদ্দেশ্য তার সমর্থকদের উজ্জীবিত করা এবং দেশের অভ্যন্তরে ক্রমেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনার গতিপথ বদলে দেয়া। তার মূল্যায়নে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য। এর মধ্যে হাসিনার তৃতীয় কোনো দেশে গিয়ে বসবাসের বিষয়টিও থাকতে পারে।
সম্প্রতি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পর হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে ড্যানিলোভিচের মতে, এই আবেদনকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বরং মনে করেন, দিল্লিতে হাসিনার বর্তমান অবস্থান বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় ধরনের কূটনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে।
সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে, ভারতের নীতি-নির্ধারকদের কেউ কেউ এখনো হাসিনা ও তার দলকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। তবে নরেন্দ্র মোদি সরকার এতদিনে অনুধাবন করতে সক্ষম হয়েছে যে, নয়াদিল্লিতে হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পথে অন্তরায়। ড্যানিলোভিচ আরও বলেন, তিনি নিশ্চিত যে ভারত সরকার এখন এই সমস্যার একটি চূড়ান্ত সমাধান চাইবে। এই সমাধানের অংশ হিসেবে হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তর করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।





