দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ:

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. ইব্রাহীম নামের অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২৭ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মাদ্রাসায় একা পেয়ে শিক্ষক ইব্রাহীম তাকে একটি কক্ষে ডেকে নেন। সেখানে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে নগদ ৫ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বললে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেয়।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তিনি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রের শিকার এবং স্থানীয় একটি পক্ষ তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন