১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে নিরাপত্তা ঘটনায়, গ্রেপ্তার দুই

প্রকাশ:

ফেনীর সোনাগাজীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর বাবার ওপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজীর বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করতেন অভিযুক্ত শাহী। অশালীন অঙ্গভঙ্গি ও নানাভাবে হয়রানির বিষয়টি ছাত্রীর পরিবার শাহীর অভিভাবকদের জানালে তাঁরা ক্ষুব্ধ হন। ছাত্রীর পরিবারের অভিযোগ, এর জের ধরেই পরে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজছাত্রী জানান, অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে আবারও তাঁদের পরিবারের ওপর হামলা চালাতে পারেন, এ আশঙ্কায় তিনি প্রশাসনের কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা কামনা করছেন।

ঘটনার বিবরণ দিয়ে ছাত্রীর বাবা জানান, গত ২১ অক্টোবর বেলা একটার দিকে কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে সৈয়দপুর গ্রামের মুন্সিবাড়ির দীঘিরপাড়ে ওত পেতে থাকা শাহী তাঁর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মুখ চেপে মেয়েকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। ঘটনার পর তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থনা করেন। তবে এর পরদিন ২২ অক্টোবর সকাল নয়টার দিকে তিনি যখন নিজের জমিতে পানি সেচ দিচ্ছিলেন, তখন শাহী ও তাঁর বাবা কামাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা দায়ের করেন। ছাত্রীর বাবা আক্ষেপ করে বলেন, মেয়ের সম্ভ্রম রক্ষার প্রতিবাদ করতে গিয়ে উল্টো তাঁকেই বাবা-ছেলের রোষানলে পড়তে হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন