শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

প্রকাশ:

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি ভারত বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশের নতুন অনুরোধ এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না, তা জানতে চান। জবাবে রণধীর জয়সওয়াল ভারতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তারা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছেন। তিনি আরও বলেন, যেকোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এটি সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করা হয়। ভারতের প্রচলিত আইন ও দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখেই এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা অন্য একটি প্রত্যর্পণের অনুরোধ নিয়েও প্রশ্ন তোলা হয়। সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের আগে এক বাংলাদেশি রাজনীতিবিদকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে রেখেছে কি না এবং তাকে ফেরত পাঠানোর নথিপত্র ভারতের কাছে পৌঁছানো হয়েছে কি না। তবে ওই সাংবাদিক অভিযুক্ত ব্যক্তি বা ভুক্তভোগী রাজনীতিবিদের নাম উল্লেখ করেননি। এই বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, অপরাধী বা অভিযুক্ত যেই হোন না কেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ ভারতের বিচারপ্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়।

শেয়ার করুন