বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য করা প্রত্যর্পণের অনুরোধটি ভারত সরকার বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেন যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের একটি অনুরোধ ভারতের কাছে এসেছে। তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, এই অনুরোধটি ভারতের বিদ্যমান আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হবে।
একই ব্রিফিংয়ে সাংবাদিকরা আরও জানতে চান যে, সংসদ নির্বাচনের আগে সংঘটিত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে কোনো প্রত্যর্পণ অনুরোধ এসেছে কি না। তবে এই প্রশ্নের তাৎক্ষণিক কোনো নিশ্চয়তা দিতে পারেননি জয়সওয়াল। তিনি জানান, বিষয়টি তাকে যাচাই করে দেখতে হবে। প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি।
সবশেষে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট দেশের সাথে থাকা আইনি বিধান এবং নিজস্ব বিচারিক প্রক্রিয়া মেনে পরীক্ষা করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।




