১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রবীণ সাংবাদিকের ওপর হামলা

প্রকাশ:

লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় (৮০) নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে (২৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে।

আহত প্রবীণ সাংবাদিক গোকুল রায় বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে সাংবাদিক গোকুল রায়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। অভিযোগ অনুযায়ী, যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন দীর্ঘদিন ধরে গোকুল রায়কে হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে অনিমেশ বর্মন ও তার সহযোগীরা লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে বৃদ্ধ সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তার গলা চেপে শ্বাসরোধের চেষ্টাও করে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শাহজাহান মণ্ডল জামান জানান, অভিযুক্তরা দলবল নিয়ে হঠাৎ বাড়িতে ঢুকে সাংবাদিক গোকুল রায়ের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

হাসপাতালের বিছানায় শুয়ে গোকুল রায় জানান, তার মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি বেদখল করে ভোগদখল করছে অভিযুক্তরা। এর জেরেই বিনা উস্কানিতে তার ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের বিচার দাবি করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার অন্য অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন