হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি এই অভিযোগটি করেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া (৫৫) এবং হাসপাতালের মেডিকেল সংশ্লিষ্ট কর্মী আল-আমিন মিয়াকে (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়।
ব্যারিস্টার জাকারিয়া রকি অভিযোগে উল্লেখ করেন যে, তার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য অনুরোধ করা হলেও চিকিৎসকরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বরং চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে।
এজহারে আরও বলা হয়, রোগীর শরীরে ইনজেকশন দেওয়ার পর পরিস্থিতির চরম অবনতি হয় এবং পরিবারের সদস্যরা বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। নিহতের ছেলে চিকিৎসায় অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।





