১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

চলমান শ্রমিক আন্দোলনের নামে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে এবং এতে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান এই তৎপরতা সাধারণ শ্রমিকদের কোনো আন্দোলন নয়। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের শিল্প উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিকদের নিজেদের কর্মসংস্থান যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সবাইকে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের সুনির্দিষ্ট ও যৌক্তিক মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠিত হওয়ায় এখন আর আন্দোলনের কোনো যুক্তি থাকে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের পূর্বেই যাতে মজুরি বোর্ড নতুন মজুরির সুপারিশ ও ঘোষণা সম্পন্ন করতে পারে, সরকারকে সেই অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের আগে ঘোষণা করা সম্ভব হলে তা সবার জন্য ইতিবাচক হবে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন