বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতিমুক্ত এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

প্রকাশ:

কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের সময় হওয়া শতকোটি টাকার অনিয়ম ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা সম্ভব হয়েছে। রোববার সকালে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী নীতি ও সফল সাব-লাইসেন্সিংয়ের ফলে এবারের বিশ্বকাপ সম্প্রচারের খরচ প্রায় শূন্যের কোঠায় আনা গেছে। অথচ ২০২২ সালের কাতার বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম। মন্ত্রী ২০২২ ও ২০২৬ বিশ্বকাপের ব্যয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে জানান, ২০২২ সালে ফিফার কাছ থেকে ৩.২ মিলিয়ন ডলারে মিডিয়া রাইটস কিনেছিল সিঙ্গাপুরের একটি কোম্পানি। পরবর্তীতে তৎকালীন সরকার ‘তমা কনস্ট্রাকশন’ নামক একটি অগণমাধ্যম প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করে জনগণের ট্যাক্সের ৯৮ কোটি টাকা খরচ করে স্বত্ব কেনে। এছাড়া টি-স্পোর্টস ২২ কোটি ও ট্রফি ১৭ কোটি টাকায় সাব-লাইসেন্স কিনেছিল, যার মাধ্যমে মোট ১৪০ কোটি টাকার বিশাল অর্থ লোপাট করা হয়েছিল।

এবার প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই বিটিভি সরাসরি ফিফার সঙ্গে দর-কষাকষির মাধ্যমে ৩.৮৫ মিলিয়ন ডলারে (প্রায় ৪৭ কোটি টাকা) মিডিয়া রাইটস কিনেছে। দেশের চারটি মাধ্যমের কাছে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে সমন্বয় করে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গত সরকারের আমলে তরুণ প্রজন্মের ফুটবল আবেগকে জিম্মি করে দুর্নীতির হাতিয়ার তৈরি করা হয়েছিল। তিনি বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং এই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য স্পোর্টস রিপোর্টার, বাফুফে, তথ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আগামী বিশ্বকাপগুলোতে এই সম্প্রচার প্রক্রিয়াকে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে লাভজনক পর্যায়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী।

শেয়ার করুন