সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বন্য শুকরকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে বনবিভাগের নিয়মিত টহল চলাকালে প্রাণীটিকে ফাঁদে আটকে থাকতে দেখা যায়। উদ্ধার অভিযানে বনরক্ষীদের পাশাপাশি কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) এবং কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশগ্রহণ করেন।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে দীর্ঘ প্রচেষ্টার পর বন্য শুকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করা হয় এবং পরবর্তীতে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
অভিযান শেষে বন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, নিয়মিত টহলের সময় প্রাণীটি শনাক্ত করার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার এবং ফাঁদ পাতা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানান।
স্থানীয় বনসংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনো কিছু অসাধু শিকারি গোপনে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে, যা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্যকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। তাদের মতে, বনবিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করলেও শিকারিদের দমনে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।





