৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী: কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে

প্রকাশ:

দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে এমন কোনো নতুন বিভাগ খোলা যাবে না, যার বাস্তব প্রয়োজন নেই। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই যেন বেকারত্বের কারখানায় পরিণত না করা হয়, সে বিষয়ে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। এতে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে বড় ধরনের ব্যবধানের বিষয়টি স্পষ্ট হয়েছে। এ জন্য পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, যৌথ গবেষণা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সক্ষমতা কাজে লাগাতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের পথ সুগম করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বরাদ্দের পূর্ণ ব্যবহার ও সেশনজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

সেমিনারের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ, অথচ উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে এই হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। তিনি ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি উল্লেখ করে জানান, দেশের শিল্প ও সেবা খাতের কারিগরি ও প্রকৌশল পদের ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক পদের ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি নাগরিকদের দখলে। এই বিশাল ব্যবধান দূর করতে উচ্চশিক্ষায় আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। একদিকে লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে শিল্প ও সেবা খাতের বিভিন্ন পদে বিদেশি কর্মীরা কাজ করছেন।

ভবিষ্যৎ কর্মবাজার নিয়ে শঙ্কা প্রকাশ করে উপাচার্য জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই বাস্তবতায় টিকে থাকতে পাঠ্যক্রমে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের মেন্টর হিসেবে যুক্ত করার পরামর্শ দেন তিনি। মৌলিক গবেষণাকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান উপাচার্য।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। এছাড়া সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ইন্টার্নশিপ বাড়ানোর তাগিদ দেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী পাঠ্যক্রমে শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এছাড়া কোষাধ্যংশ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন যুগোপযোগী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন