গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের বিক্ষোভের মুখে মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় শ্রমিকেরা মহাসড়কে ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ মহাসড়কে নেমে আসেন এবং বিভিন্ন স্থানে অবরোধ তৈরির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ, আনসার, বিজিবি ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। জবাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বেলা ১২টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।





