গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় চলমান ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মুহাম্মদ ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সোমবার এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।
শুধু নভেম্বর মাসেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় পেট্রলবোমা নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় আক্রমণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ওপর এসব হামলা শুধু প্রতিষ্ঠানটির ওপর আঘাত নয়, বরং এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ওপরও বড় আঘাত। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী, যারা এই ব্যাংকের প্রকৃত মালিক। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীর নিরাপত্তা ও তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর এসব হামলা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ধরন দেখে স্পষ্ট যে অপরাধীদের প্রতিদিন এসব নাশকতার জন্য ওপরের মহল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, চট্টগ্রামে তার নিজের বাড়িটিও সম্প্রতি হামলার শিকার হয়েছে। এই বাড়িটি থেকেই তিনি তার কর্মজীবনের সূচনা করেছিলেন, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে রূপান্তরিত হয়। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন। তিনি জানান, শুধু গ্রামীণ ব্যাংক নয়, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিনজন সংসদ সদস্যের বাসভবন এবং তিনটি থানাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। এই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়।
ড. ইউনূস উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের শাখাগুলো দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ও মর্যাদাপূর্ণ জীবনের অবলম্বন। গত ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। অথচ আজ বিশ্ববাসী দেখছে, কীভাবে ক্ষুদ্র ঋণের মডেল ব্যবহার করে যারা ভাগ্য বদলাচ্ছিল, তাদের সম্পদই ধ্বংস করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব নাশকতার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত রয়েছে। ২০ বছর আগে প্রতিষ্ঠানটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্যাপন করা হচ্ছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করে। তিনি আরও বলেন, বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে, কীভাবে কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাদেরই দরিদ্র প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এই প্রতিবেশীরা হলেন সেই নারীরা, যারা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
তিনি জানান, কিছু ঘটনায় কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় হাজার হাজার নারীর মনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকিং কার্যক্রম কোনো বাধা ছাড়াই চালু রাখা যায়। যেসব স্থানে ইতোমধ্যে হামলা হয়েছে, সেখানে প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ জানান এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সবশেষে ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফেরাতে সবাইকে সোচ্চার হতে হবে। দরিদ্র নারীদের এই ব্যাংকটি রক্ষায় এবং এর ওপর চলমান পরিকল্পিত সহিংসতা বন্ধে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।





