৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাতির প্রাণহানি ও বাবাকে আহত করার ঘটনায় ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশ:

জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জের ধরে নাতিকে হত্যা এবং বাবাকে প্রাণনাশের চেষ্টার মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন। রায়ে প্রধান আসামি মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড এবং অপর আসামি মো. সোহাগকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত ও মামলার নথিপত্র থেকে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা ও স্থানীয় ঝলমলিয়া বাজারের বীজ ব্যবসায়ী মো. শাহাদৎ সর্দারের (৫৭) ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। তিনি তার বাবার কাছে নিয়মিত জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। বসতবাড়ির ভিটা থেকে আট শতক জমি লিখে দেওয়ার পরও তিনি সন্তুষ্ট না হয়ে অবশিষ্ট জমির জন্য বাবার প্রতি শত্রুতা পোষণ করতে থাকেন। চাপের মুখে বসতবাড়ির ভিটা থেকে ৮ শতক জমি লিখে দিলেও বাকি জমি নেওয়ার জন্য তিনি বাবার সঙ্গে শত্রুতা শুরু করেন।

এই রেষারেষির এক পর্যায়ে ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় শাহ আলম তার প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী সন্তান ও স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন। ওই দিনই রাত আটটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার সময় শাহাদৎ সর্দারকে মূল ফটকের সামনে ধারালো হাসুয়া দিয়ে মাথা ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন শাহ আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় শাহাদৎ সর্দার তার মেয়ে সীমা বেগমের মাধ্যমে থানায় একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া বাবাকে হত্যার চেষ্টার দায়ে ৩০৭ ধারায় তাকে আলাদাভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে, হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে অপর আসামি সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার আরেক আসামি মো. মিন্টুকে (৩৬) খালাস প্রদান করেছেন আদালত। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১ নম্বর আসামি মো. শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। এছাড়া হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় একই এলাকার মো. আশরাফের ছেলে মো. সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে।

শেয়ার করুন