ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ সেলিম হোসেন নামে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটক হওয়ার পর শুক্রবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। পর্যটন ভিসায় প্রায় দুই সপ্তাহ আগে ভারতে প্রবেশ করেছিলেন তিনি।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সেলিম পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। স্পর্শকাতর সামরিক ও বেসামরিক স্থাপনার গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তাকে পাঠানো হয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের। দেশটির উত্তরবঙ্গের সামরিক বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে।
সেলিমের নজরদারির মূল লক্ষ্য ছিল বাগডোগরা ও হাসিমারায় অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং দার্জিলিংয়ের প্রধান পর্যটনকেন্দ্রগুলো। তবে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোর বিস্তারিত তদন্ত প্রতিবেদন বা মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।





