৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমই পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি

প্রকাশ:

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিশ্ববাজারে প্রবেশের পথে বিদ্যমান সব ধরনের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি গুরুত্বারোপ করেছেন পণ্যের গুণগত মানোন্নয়ন এবং কার্যকর বিপণন কৌশলের ওপর, যা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকার জন্য অপরিহার্য।

আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’। এই আয়োজন উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করায় তিনি আনন্দিত। এই মেলার সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত সব অংশীজনকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন এবং এসএমই খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই মেলার মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন এবং মেলার সার্বিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন